Wednesday, January 4, 2012

শ্রেণীকক্ষে পূর্ণ শিক্ষা পেলে কোচিং বন্ধ হবে: শিক্ষামন্ত্রী



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের নাম-ঠিকানা সংগ্রহ করতে মন্ত্রণালয়কে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সে অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোচিং বাণিজ্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
মন্ত্রী আরও বলেন, সরকার বিভিন্ন বেসরকারি স্কুলের জন্য ভর্তি নীতিমালা করে দিলেও বিভিন্ন প্রতিষ্ঠান সেই নীতিমালা মানছে না। শুধু অভিযোগ নয়, মন্ত্রণালয় এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করছে। যেসব প্রতিষ্ঠান বাড়তি ফি নিয়ে শিক্ষার্থী ভর্তি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
বৈঠক শেষে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির কোচিং বাণিজ্য নিয়ে এক রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বরের মধ্যে কেন কোচিং বাণিজ্য বন্ধ করে সরকারি পরিপত্র জারি করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। আর এর জবাব দেওয়ার জন্য মন্ত্রণালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বৈঠকে বিভিন্ন মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রী জানান, ‘কোচিং বাণিজ্য বন্ধের রুলের জবাব দেওয়ার জন্য যুগ্ম সচিবের (মাধ্যমিক) নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। মন্ত্রী আরও বলেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা পূর্ণ শিক্ষা পেলে কোচিং বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে।
বৈঠকে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।
সূত্র: প্রথমআলো.কম, ০৪/০১/২০১২

No comments:

Post a Comment